সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে সিলেট ও সুনামগঞ্জে র্যাব-৯ পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৭টি অবৈধ সিএনজি জব্দ করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে লাইসেন্সবিহীন গাড়ি চালনা, অতিরিক্ত যাত্রী বহনসহ বিভিন্ন অপরাধে একাধিক চালক ও মালিককে দণ্ড।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিপিসিসি, বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ১৫ এপ্রিল সিলেট জেলার জালালাবাদ থানার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মোটরযানে অতিরিক্ত যাত্রী বহন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং সরকারি অনুমোদন ছাড়াই যানবাহন ব্যবহারসহ নানা অনিয়ম ধরা পড়ে।
এসব অপরাধে ৮টি গাড়ির মালিককে মোট ৯,৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৭টি অবৈধ সিএনজি জব্দ করা হয়। একই দিনে সুনামগঞ্জ জেলার সদর এলাকায় পরিচালিত পৃথক অভিযানে আরও ৩ জনকে ১,৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানটি দুপুর থেকে বিকাল পর্যন্ত পরিচালিত হয় এবং এতে সংশ্লিষ্ট আইন অনুযায়ী (সড়ক পরিবহন আইন-২০১৮) বিভিন্ন ধারায় শাস্তি প্রদান করা হয়। র্যাব জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-৯।
সোর্স: র্যাব-৯
Comments: