১৪ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশ
হাদি হত্যার বিচার না হলে নির্বাচন নয়; সরকার পতনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

image

জুলাই অভ্যুত্থানের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিল ইনকিলাব মঞ্চ।

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ও বিশ্বাসযোগ্য বিচারিক পদক্ষেপ নেওয়ার দাবি জানাল সংগঠনটি। দাবি না মানলে রাজপথে থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণাও দেওয়া হয়েছে।

জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এই অবস্থান জানান। তিনি বলেন, বিচার এড়িয়ে নির্বাচন দিয়ে দায় ঝেড়ে ফেলার সুযোগ অন্তর্বর্তী সরকার পাবে না। দ্রুত দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য বিচারিক পদক্ষেপ না নিলে ইনকিলাব মঞ্চ রাজপথেই থাকবে।

সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল জাবের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। জানাজার মাঠে আবেগী বক্তব্য দিলেও হাদি হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টার স্পষ্ট অবস্থান নেই বলে অভিযোগ করেন তিনি।

জাবের বলেন, জনগণ ড. ইউনূসকে দায়িত্ব দিয়েছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য— অসহায়ত্ব প্রকাশের জন্য নয়। তদন্তে কারা বাধা দিচ্ছে এবং সরকার কেন দৃঢ় অবস্থান নিতে পারছে না, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে।

ইনকিলাব মঞ্চ সরকারের কাছে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দুটি প্রধান দাবি তোলে।
প্রথমত, শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে একটি বিশেষ দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
দ্বিতীয়ত, দেশীয় সংস্থাগুলো ব্যর্থ হলে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক পেশাদার সংস্থার সহায়তা নিতে হবে।

ভারতের সঙ্গে বন্দি বিনিময় ও সহযোগিতা চুক্তির উদাহরণ টেনে জাবের বলেন, খুনিরা বিদেশে পালিয়ে থাকলে তাদের ফিরিয়ে আনতে হবে। একতরফা সমঝোতার রাজনীতি জনগণ আর মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন; তিনি জুলাই বিপ্লব, স্বাধীনতা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রতীক। সরকার যদি পরিকল্পিতভাবে হাদিকে আলোচনার কেন্দ্র থেকে সরিয়ে দিতে চায়, তবে সেই সরকার রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৪ ঘণ্টার আল্টিমেটামে সরকারের পক্ষ থেকে সন্তোষজনক সাড়া না পেলে ইনকিলাব মঞ্চ রাজপথ ছাড়বে না। বিকেল ৩টার বিক্ষোভ মিছিলের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

ঢাকা-৮ আসনে হাদির স্থলাভিষিক্ত প্রার্থী দেওয়ার বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান আবদুল্লাহ জাবের।

হাদি হত্যার বিচারকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ আরও বাড়াল ইনকিলাব মঞ্চ। বিচার না হলে নির্বাচন ঠেকানো থেকে সরকার পতনের আন্দোলন— সবকিছুর প্রস্তুতির ঘোষণা রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।












অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading