১৪ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশ
সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতিটির মৃত্যু, সব চেষ্টা ব্যর্থ

image

দক্ষিণ সুরমায় রেললাইনের পাশে চিকিৎসাধীন অবস্থায় হাতিটির মৃত্যু। খাদে পড়ে মেরুদণ্ডে গুরুতর আঘাত, উদ্ধার ও চিকিৎসা সত্ত্বেও রক্ষা করা যায়নি।

সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে আর বাঁচানো গেল না। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হাতিটি মারা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান এবং চিকিৎসার দায়িত্বে থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ।

বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হাতিটির মৃত্যু হয়। তিনি বলেন, ট্রেনের ধাক্কায় খাদে পড়ে গুরুতর আহত হওয়ায় হাতিটিকে উদ্ধার করার পরও ওই স্থান থেকে সরানো সম্ভব হয়নি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় প্রাণীটি মারা যায়।

চিকিৎসক অধ্যাপক সুলতান আহমদ জানান, ট্রেনের ধাক্কায় খাদে পড়ে হাতিটির মেরুদণ্ডে আঘাত লাগে। এতে পেছনের অংশ অসাড় হয়ে যাওয়ায় প্রাণীটিকে দাঁড় করানো সম্ভব হয়নি। একই জায়গায় দীর্ঘ সময় পড়ে থাকায় হাতিটির পেটও ফুলে যায়।

তিনি আরও জানান, হাতিটির চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা থেকে বন বিভাগের কর্মকর্তা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ঘটনাস্থলে আসেন। তবে সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

উল্লেখ্য, গত শনিবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়ে যায়। রোববার দুপুরে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা প্রাণিসম্পদ কার্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দলের যৌথ প্রচেষ্টায় হাতিটিকে উদ্ধার করে ডাঙায় তোলা হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্র জানায়, হাতিটির মালিক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কামরুল ইসলাম। কয়েক দিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে হাতিটিকে সিলেটে আনা হয়েছিল। দুর্ঘটনার সময় হাতির মাহুতও আহত হন।

সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতিটির মৃত্যু আবারও বন্যপ্রাণী পরিবহন ও রেললাইন পারাপার নিয়ে নিরাপত্তা ও সচেতনতার প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা সত্ত্বেও প্রাণীটিকে রক্ষা করা সম্ভব হয়নি।













অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading